You are here

যশোরে সংঘর্ষে ৩ পুলিশ আহত

যশোরের বসুন্দিয়ায় বিএনপি ও জামায়াত-শিবির কর্মীরা ঝটিকা মিছিল নিয়ে পুলিশের ওপর হামলা করেছে। হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

আহত পুলিশ সদস্যরা হলেন, বসুন্দিয়া ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম, কনস্টেবল উজ্জ্বল ও সুশান্ত।

প্রত্যক্ষদর্শীরা জানান, সারাদেশে ১৮ দলীয় জোটের ডাকা বৃহস্পতিবারের (৭ মার্চ) সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে ১২টার দিকে বসুন্দিয়ায় বিএনপি ও জামায়াত শিবিরের নেতাকর্মীর ঝটিকা মিছিল বের করে। এক পর্যায়ে তারা যশোর-খুলনা মহাসড়কের শ্যালো ইঞ্জিন চালিত নসিমন ও মোটরসাইকেল ভাঙচুরের চেষ্টা চালায়।

এসময় বসুন্দিয়া মোড়ে অবস্থানরত পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে তারা কনস্টেবল উজ্জ্বলের ওপর পেছন থেকে হামলা চালায়।

বেধড়ক মারপিটের একপর্যায়ে তাকে উদ্ধার করতে গিয়ে আহত হন এসআই সিরাজুল ও কনস্টেবল সুশান্ত। পরে পুলিশ সদস্যরা ওই স্থান থেকে সরে গেলে হরতাল সমর্থকরা বসুন্দিয়ার প্রায় ১০টি দোকানে হামলা চালায়। এসময় তারা বেশ কয়েকটি শ্যালো ইঞ্জিন চালিত নসিমন ও মোটরসাইকেলও ভাঙচুর করে।

একপর্যায়ে তারা ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর ভাষণ প্রচারের মাইকও ভাঙচুর করে।

তাদের বাধা দিয়ে গেয়ে বসুন্দিয়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার ও যুবলীগ কর্মী জাহাঙ্গীরকে তারা পিটিয়ে আহত করে বলে বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুল আহসান বাবলু জানিয়েছেন।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান দুপুর দেড়টার দিকে বাংলানিউজকে জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।