
আদালত অবমাননার অভিযোগে জারি করা কারণ দর্শাও (শো’কজ) নোটিশের জবাবে সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর কাছে নি:শর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। এ বিষয়ে আদেশের জন্য আগামী ৮ এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার লিখিতভাবে ব্যারিস্টার ফখরুলের নি:শর্ত ক্ষমা প্রার্থনার আবেদন পাওয়ার পর চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন।
গত ১৪ জানুয়ারি মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপি নেতা সাকা চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামের বিরুদ্ধে বিচারিক বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে এ শো’কজ নোটিশ জারি করেন ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনাল-১ এর পদত্যাগী চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের কথিত স্কাইপি সংলাপের সঙ্গে ট্রাইব্যুনালের অপর দুই বিচারপতির সংশ্লিষ্টতা ছিল কিনা, কিংবা তারাও এ ধরনের সংলাপ করেছিলেন কিনা- তার ব্যাখ্যা জানতে চেয়ে সাকা চৌধুরীর পক্ষে আবেদন করায় ব্যারিস্টার ফখরুল ইসলামের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগে অভিযুক্ত করা হবে না- তা জানতে চেয়ে এ নোটিশ জারি হয়।
৩ সপ্তাহ অর্থাৎ ৬ ফেব্রুয়ারির মধ্যে ব্যারিস্টার ফখরুলকে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
ট্রাইব্যুনাল তার আদেশে বলেন, ‘‘একজন আইনজীবী হিসেবে বিচারপতিদেরকে মামলা কিভাবে পরিচালনা করতে হবে, তা জানার এখতিয়ার তার (ব্যারিস্টার ফখরুল) নেই। তার এ আবেদন বিচারিক বিষয়ে হস্তক্ষেপ করার সমান। তাই ব্যারিস্টার ফখরুলের বিরুদ্ধে আদালতের ওপর হস্তক্ষেপ করার অভিযোগে তাকে শো’কজ করা হলো।’’
ট্রাইব্যুনাল বলেন, ‘‘যে প্রশ্ন তিনি তুলেছেন, তা অসৎ উদ্দেশ্য থেকেই তোলা হয়েছে। হাইকোর্টের বিচারপতিদের সম্পর্কে তিনি ইচ্ছাকৃতভাবে প্রশ্ন তোলায় জনমনে হাইকোর্টের বিচারপতি ও ট্রাইব্যুনাল সম্পর্কে জনমনে অবিশ্বাস তৈরি হতে পারে। ট্রাইব্যুনালের স্বাধীন অবস্থান ক্ষুন্ন হতে পারে।’’
এর আগে গত বছরের ১৯ ডিসেম্বর রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর জেয়াদ আল মালুমের অপসারণ চেয়ে ও ২৪ ডিসেম্বর আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে দু’টি আবেদন করেন ওই আইনজীবী। বিচারপতি নিজামুল হকের স্কাইপি কথোপকথনের সঙ্গে তাদের নাম আসার অভিযোগ তুলে এসব আবেদন করা হয়। এরপর ২৬ ডিসেম্বর বিচারপতি নিজামুল হক ‘স্কাইপি কেলেঙ্কারি’র সঙ্গে জড়িত কিনা তা ট্রাইব্যুনালে এসে জবাব দেওয়ার জন্য তাকে সমন জারি এবং ট্রাইব্যুনাল-১ এর অন্য দুই বিচারপতিও এ ধরনের সংলাপে জড়িত কিনা- সে বিষয়ে ব্যাখ্যা-প্রমাণ দেওয়ার জন্য আরো দু’টি আবেদন করেন তিনি।
|
প্রিয়.কম একটি স্বতন্ত্র ইন্টারনেট মিডিয়া। আমাদের দৈনন্দিন জীবনের প্রিয় বিষয়গুলোকেই তুলে আনার চেষ্টা করছি আমরা। এখানে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন নতুন বিষয়। সঙ্গে থাকুন প্রতি মুহুর্তে। যারা আমাদের সাইটে লেখা দিচ্ছেন, তারা অবশ্যই নিজেদের অ্যাকাউন্টে ছবি যুক্ত করুন। সঠিক নাম এবং ছবি ছাড়া সাধারনত কোনও লেখা প্রকাশ করা হয় না। সহযোগী: ইউএনবি, চ্যানেল আই © ২০১৩ প্রিয়.কম ॥ ইমেল: info@priyo.com ফোন: +৮৮০-২-৯৬৬ ৫৩২৫-৬, +৮৮০-১১-৯৩১৭ ৬৩৫৬ |
আমাদের অন্যান্য সাইট: |