
বলা হয়ে থাকে, যে ফুল ভালবাসে না সে মানুষ খুন করতে পারে!
তবে সত্যি সত্যি ফুল পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া যাবে না। সেই প্রাচীনকাল থেকেই বিভিন্ন লোকাচারে ফুল ব্যবহার হয়ে আসছে। যত দিন যাচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে ফুলের ব্যবহার ততই বেড়ে চলছে। বিয়ে থেকে শুরু করে অন্ত্যেষ্টক্রিয়া- সব কিছুতেই ফুল ব্যবহার করা হয় দেদারসে। শুধু যে তাজা ফুল ব্যবহার করা হয় তা নয়, ব্যবহার করা হয় শুকনো ফুলও। কৃত্রিম পদ্ধতিতে তৈরি ফুলও ব্যবহার করা হয় ব্যাপকহারে। বিশেষ করে ঘর সাজানোর কাজে কৃত্রিম ফুলের কদর বেশি। এমনই একটি হলো নেট ফ্লাওয়ার বা নেটের তৈরি ফুল। নিউ মার্কেট, চন্দ্রিমা মার্কেট, বসুন্ধরা সিটিসহ যেকোনো কৃত্রিম ফুলের দোকানে নেট ফ্লাওয়ার কিনতে পাওয়া যায়। চাইলে আপনি ঘরে বসেও বানিয়ে ফেলতে পারেন নেটের ফুল।
উপকরণ :
নেট ফ্লাওয়ার তৈরি করতে বিভিন্ন ধরনের নেটের কাপড় ব্যবহার করা হয়। এছাড়া থাই মোজা নামের এক ধরনের মোজা ব্যবহার করা হয়। এই মোজা রাবারের মতো টেনে কাজ করা যায় বলে ফুলগুলো সুন্দর হয়। নেট ফ্লাওয়ার বানানোর জন্য বিশেষ ধরনের ছাঁচের প্রয়োজন হয়। যে ফুল বানাতে চান সেই ফুলের পাপড়ি ও পাতার আকার অনুযায়ী ধাতু বা কাঠের ছাঁচ তৈরি করে নিতে হবে। এছাড়াও প্রয়োজন হবে নরম ধাতুর তার, বাঁশের চিকন কাঠি, সুতা ও সবুজ টেপ।
পদ্ধতি :
ফুলের পাপড়ি এবং পাতা যতটুকু হবে, সেই মাপ অনুযায়ী ধাতুর তার কেটে টুকরো করুন। তৈরি করা ছাঁচের সঙ্গে তার জড়িয়ে পাপড়ি এবং পাতার কাঠামো তৈরি করুন। তারের দুই মাথা একত্রে পেঁচিয়ে সংযুক্ত করুন। এরপর তারের ভেতর থেকে ছাঁচটি বের করে ফেলুন। নেট দিয়ে কাঠামোটি ঢেকে দিন এবং টেনে কাঠামোর সংযোগ স্থানে সুতা দিয়ে বাঁধুন। বাড়তি নেট কেটে ফেলুন। একই পদ্ধতিতে সব পাপড়ি এবং পাতা তৈরি করুন। ফুলের পাপড়িগুলো পর পর সাজিয়ে এদের গোড়া সুতা পেঁচিয়ে শক্ত করে বাঁধুন। সৌন্দর্য বৃদ্ধির জন্য কৃত্রিম রেণু যুক্ত করতে পারেন। ফুলের স্টিকের দৈর্ঘ্য হওয়া ফুলদানীর তিন গুণ বেশি। এই মাপ অনুযায়ী বাঁশের কাঠি সংগ্রহ করুন। এরপর কাঠিতে সবুজ রঙের টেপ পেঁচিয়ে পেঁচিয়ে লাগিয়ে পুরোটা ঢেকে দিন। এরপর টেপ দিয়ে ফুল ও পাতা কাঠির সাথে লাগান। তৈরি হয়ে গেল চমত্কার নেট ফ্লাওয়ার। কয়েকটি স্টিক একত্রে রাখলে ঘরের সৌন্দর্য বেড়ে যাবে বহুগুণ।
|
প্রিয়.কম একটি স্বতন্ত্র ইন্টারনেট মিডিয়া। আমাদের দৈনন্দিন জীবনের প্রিয় বিষয়গুলোকেই তুলে আনার চেষ্টা করছি আমরা। এখানে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন নতুন বিষয়। সঙ্গে থাকুন প্রতি মুহুর্তে। যারা আমাদের সাইটে লেখা দিচ্ছেন, তারা অবশ্যই নিজেদের অ্যাকাউন্টে ছবি যুক্ত করুন। সঠিক নাম এবং ছবি ছাড়া সাধারনত কোনও লেখা প্রকাশ করা হয় না। সহযোগী: ইউএনবি, চ্যানেল আই © ২০১৩ প্রিয়.কম ॥ ইমেল: info@priyo.com ফোন: +৮৮০-২-৯৬৬ ৫৩২৫-৬, +৮৮০-১১-৯৩১৭ ৬৩৫৬ |
আমাদের অন্যান্য সাইট: |