You are here

সোনারগাঁও হোটেলে শুরু হলো থাইল্যান্ড ট্রেড শো

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে থাইল্যান্ড ট্রেড শো- ২০১৩সহ থাই ফুড উৎসব শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড প্রমোশন, মিনিস্ট্রি অব কমার্স, রয়্যাল থাই গভর্নমেন্টের উদ্যোগে এ মেলার আয়োজন। ৯ মার্চ পর্যন্ত চলবে এই মেলা। আর ফুড উৎসব চলবে ১৩ মার্চ পর্যন্ত।

৭ মার্চ ব্যবসায়ীদের জন্য এবং ৮ থেকে ৯ মার্চ সর্বসাধারণের জন্য সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজকীয় থাই দুতাবাসের রাষ্ট্রদূত মাধুরাপোচানা ইত্তারং, বাণিজ্যিক উপদেষ্টা উসা উইজুরান, থাই এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল পিসিএল’র জেনারেল ম্যানেজার চারোয়েনচাই লাকসাকর্ন প্রমুখ।

অনুষ্ঠানে দিলীপ বড়ুয়া বলেন, “যৌথভাবে ব্যবসা করায় বাংলাদেশ ও থাইলান্ডের ব্যবসা অনেক বৃদ্ধি পেয়েছে। দু’ দেশের রপ্তানি ভলিউম এখন এক বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।”

তিনি বলেন, বাংলাদেশ শিল্প ও বাণিজ্য সেক্টরে নানা ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশ এবং থাইল্যান্ডের ইতিহাস বহু বছরের পুরনো ও পারস্পরিক শ্রদ্ধাভিত্তিক। দু’দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কও বহুদিনের।

শিল্পমন্ত্রী বলেন, আমাদের দেশে শিল্পখাতে বিশেষ করে জাহাজ নির্মাণ, জাহাজ ভাঙ্গা, কৃষি প্রক্রিয়াজাতকরণ, প্লাস্টিক, আইসিটি, লাইট ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যাল, চামড়া ও পাট শিল্পে বিনিয়োগ করে ভালো ফল পাওয়া সম্ভব। থাইল্যান্ডের ব্যবসায়ীরা বাংলাদেশে আরও বিনিযোগ করতে পারবে।

বাংলাদেশ ও থাইল্যান্ডের বাণিজ্যিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে এবারের মেলায় মোট ৫০টি উৎপাদনকারী এবং রপ্তানিকারক প্রতিষ্ঠানের ১০ ধরনের পণ্য প্রদর্শিত হবে।

এসবের মধ্যে রয়েছে গাড়ির যন্ত্রাংশ, নির্মাণ সামগ্রী, মেশিনারি, ইলেক্ট্রিক সামগ্রী, ফ্যাশন ও জুয়েলারি, খাদ্য ও কোমল পানীয়, গার্মেন্টস ও ফ্যাশন সামগ্রী, উপহার ও সাজসজ্জা সামগ্রী, স্বাস্থ্য ও প্রসাধন সামগ্রী, হাসপাতাল, গৃহস্থালী ও রান্নাঘরের সামগ্রী, চামড়াজাত পন্য , ট্রেক্সটাইল এবং জুতা।

বিভাগ: