You are here

ব্যাংক খোলা থাকছে শনিবার

ব্যবসায়ীদের দাবির মুখে আগামী শনিবার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার ব্যাংকগুলো খোলা থাকছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রপ্তানীমুখী পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারিত সময়ে পরিশোধের জন্য ব্যাংকগুলোর সংশ্লিষ্ট শাখা আসছে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে খোলা থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিজিএমইএর অনুরোধের প্রেক্ষিতে রপ্তানিমুখী শ্রমঘন পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের সুবিধার্থে আগামী ৯ মার্চ ২০১৩ শনিবার ঢাকা মহানগরী, সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের পোশাক শিল্প-সংশ্লিষ্ট শাখাগুলো খোলা রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’

বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক ইব্রাহিম ভুঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বিমানবন্দর (ঢাকা ও চট্টগ্রাম), সমুদ্র/নৌবন্দর (চট্টগ্রাম ও মংলা) এবং স্থলবন্দর (বেনাপোল, সোনা মসজিদ, হিলি ও কমলাপুরের আইসিডি) এলাকায় অবস্থিত বাণিজ্যিক ব্যাংকগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য লেনদেন-সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রা লেনদেনকারী সব শাখা (অথরাইজ ডিলার) প্রতি শুক্রবার ও শনিবার (অফিস লেনদেন সময়সূচি-সংশ্লিষ্ট ব্যাংকগুলোর স্বীয় নির্ধারিত সময় পর্যন্ত) খোলা রাখার সিদ্ধান্ত বহাল রয়েছে।’

এর আগে সাপ্তাহিক ছুটির দিনেও ব্যাংকসহ সব আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসাসংশ্লিষ্ট সেবা প্রতিষ্ঠান খোলা রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

বৃহস্পতিবার এফবিসিসিআইয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবারের দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালসহ গত কয়েক মাস ধরে ঘন ঘন হরতালে দেশের ব্যবসা-বাণিজ্য চরম বিপর্যয়ের মুখে পড়েছে। অর্থনৈতিক কর্মকান্ড স্থবির হয়ে পড়ছে।

তাই হরতালের ফলে আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) ও সরকারি ছুটির দিনগুলোতে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংক, বীমা, স্টক এক্সচেঞ্জ, সমুদ্র ও স্থলবন্দর, শিপিং, কাস্টমসসহ সংশ্লিষ্ট সব সেবা প্রতিষ্ঠান খোলা রাখার জন্য সরকারের কাছে আহ্বান জানায় এফবিসিসিআই।