You are here

শ্রীলংকার বিপক্ষে জয়ের প্রত্যাশা টাইগারদের

শ্রীলঙ্কার বিপক্ষে ২০০১ সালের পর থেকে এখন পর্যন্ত ১২টি টেস্ট খেলেছে বাংলাদেশ। জয় পায়নি কোনোটিতেই। তবে এবার জয়ের আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। জয় দিয়েই টাইগাররা এবারের সিরিজ শুরু করতে চান । টাইগারদের মাঝে এখন জয়ের প্রত্যাশা।

শুক্রবার দুই টেস্ট ম্যাচের সিরিজ শুরু হচ্ছে টাইগারদের। প্রতিপক্ষ শ্রীলংকা। এর মধ্যে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছেন তারা।

এবারের শ্রীলঙ্কা সফরে অনেক কিছুই আছে বাংলাদেশের অনুকূলে। ইনজুরি সমস্যার কারণে মাঠে নামবেন না অভিজ্ঞ বেশ কয়েকজন লঙ্কান ক্রিকেটার। এঁদের মধ্যে আছেন কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনের মতো ক্রিকেটাররা।

সেই সঙ্গে কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরলিধরনের অনুপস্থিতিও আশা জাগাচ্ছে বাংলাদেশ শিবিরে। কারণ, এর আগে প্রতিবারই বাংলাদেশি ব্যাটসম্যানদের দুঃস্বপ্নে পরিণত হয়েছিলেন সাবেক এই ডানহাতি অফস্পিনার। বাংলাদেশের বিপক্ষে ১১টি টেস্টে তিনি শিকার করেছেন ৮৯টি উইকেট। সব মিলিয়ে আগামীকাল শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে বেশ আত্মবিশ্বাসীই মনে হয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের।

অধিনায়ক মুশফিকুর রহিম বলেছেন, ‘শ্রীলঙ্কা খুবই ভালো দল। কিন্তু তাদের বিপক্ষে জয় পাওয়াটা অসম্ভব না। আমাদের তরুণ খেলোয়াড়েরা বেশ ভালো পারফরম্যান্স দেখিয়েই এই সফরে এসেছেন। এই টেস্ট সিরিজটা যে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, সে ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।’

শ্রীলঙ্কার পক্ষে অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন অ্যাঙ্গেলো ম্যাথুস। আগামীকাল টস করতে নামার সময় শ্রীলঙ্কার পক্ষে সবচেয়ে কম বয়সে অধিনায়ক হওয়ার নতুন রেকর্ডও গড়বেন ২৫ বছর বয়সী লঙ্কান ক্রিকেটার।

সূত্র : রয়টার্স

বিভাগ: