You are here

২৭ মার্চ থেকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি শুরু

সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়া যেতে আগ্রহীদের প্রথম ফ্লাইট ২৭ মার্চ শুরু হবে বলে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) জানিয়েছে।

বিএমইটি সূত্র জানায়, নিবন্ধনকারীদের মধ্যে লটারির মাধ্যমে প্রথম ধাপে যে ১১ হাজার ৭৫৮ জন শ্রমিক দেশটিতে যাওয়ার সুযোগ পাচ্ছে তাদের ভিসা প্রক্রিয়াকরণ কাজ চলছে। এটি সম্পন্ন হলে ২৭ মার্চ থেকে দেশটি লোক পাঠানো শুরু হবে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, সারাদেশ থেকে লটারির মাধ্যমে নির্বচিতদেরকে ইতিমধ্যেই বিএমইটির ৩৭টি ট্রেনিং সেন্টারে ১০ দিনের ‘ওরিয়েন্টেশন কোর্স’ করানো হয়েছে। এছাড়া দেশের ৯টি সরকারি মেডিকেল কলেজে তাদের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। এখন শ্রমিকদের ভিসা প্রক্রিয়ার কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে ২৭ মার্চ মালয়েশিয়ায় লোক পাঠানো শুরু হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, মালয়েশিয়ায় প্রায় ৪ লাখ বাংলাদেশি কর্মরত। ২০০৯ সালের শুরুতে বাংলাদেশ থেকে জনশক্তি আমদানি বন্ধ করে দেয় মালয়েশিয়া।

সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়া যেতে দেশের ৬৪ জেলা থেকে মোট ১৪ লাখ ৩৫ হাজার ৪৩৬ জন অনলাইনের মাধ্যমে নিবন্ধন করেন। এদের মধ্যে বিভাগীয় পর্যায়ে অনলাইনে লটারির মাধ্যমে ৩৪ হাজার ৫০০ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। পরে ২৩ জানুয়ারি এদের মধ্যে থেকে লটারির মাধ্যমে চূড়ান্তভাবে ১১ হাজার ৭৫৮ জনকে নির্বাচিত করা হয়।

যারা নির্বাচিত হননি তারাও পরবর্তীতে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন। দেশটিতে মোট ৩০ হাজার কর্মী পাঠানো হবে। প্রথম ধাপে ১০ হাজার এবং পরবর্তীতে পাঠানো হবে ২০ হাজার। সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়া যেতে একেকজন শ্রমিকের খরচ হচ্ছে মাত্র ৪০ হাজার টাকা।

বিভাগ: