You are here

রুয়েটের ৯ শিক্ষকের পদত্যাগ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ছাত্রকল্যাণ পরিচালক, চার হল প্রাধ্যক্ষ, দুই সহকারী প্রাধ্যক্ষ ও সহকারী ছাত্রকল্যাণ পরিচালকসহ ৯ শিক্ষক তাদের অতিরিক্ত দায়িত্ব থেকে একযোগে পদত্যাগ করেছেন।

নতুন উপাচার্য দায়িত্ব পাওয়ার একদিন পর বৃহস্পতিবার তারা পদত্যাগ করেন। এদিন তারা প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে উপাচার্যের কাছে পদত্যাগপত্র দেন।

এর আগে বুধবার রুয়েটের উপাচার্য সিরাজুল করিম চৌধুরীকে অব্যাহতি দিয়ে উপ-উপাচার্য মর্তুজা আলীকে উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়।

রুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী আবুল বাশার জানান, রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক মাজেদুর রহমান, দেশরত্ন শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের বিভাগীয় প্রধান আবদুর রাজ্জাক, সেলিম হলের প্রাধ্যক্ষ আবু বকর সিদ্দিক, হামিদ হলের প্রাধ্যক্ষ আখতার হোসেন, শহিদুল হলের প্রাধ্যক্ষ সাজ্জাদ হোসেন, জিয়াউর রহমান হলের সহকারী প্রাধ্যক্ষ নিয়ামুল বারী, হামিদ হলের সহকারী প্রাধ্যক্ষ এইচএম রাসেল ও একজন সহকারী ছাত্রকল্যাণ পরিচালক বৃহস্পতিবার তাদের পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগকারীরা জানান, নতুন উপাচার্যের সঙ্গে কাজ করতে আগ্রহী না হওয়ায় তারা পদত্যাগ করেছেন।

গত বছরের শেষ দিকে বিশ্ববিদ্যালয়টির সরকার সমর্থক প্রগতিশীল শিক্ষকদের একটি অংশ এবং ছাত্রলীগ এক শিক্ষার্থীর ফলাফল জালিয়াতির অভিযোগ এনে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনে নামেন। এ নিয়ে উপাচার্য এবং উপাচার্য বিরোধীদের মধ্যে টানাপোড়েন চলছিল।

বিভাগ: